মঙ্গলবার (১৫
সেপ্টেম্বর) দুপুরে নগরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতাল (খানপুর) প্রাঙ্গণ
ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব
দেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ
আহমেদ।
এ সময় মনিরুল ইসলাম
সজল বলেন, হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে আসেন। তাই হাসপাতাল প্রাঙ্গণ মশামুক্ত
রাখা অত্যন্ত জরুরি। হাসপাতালের ভেতরে যাতে মশার বিস্তার না ঘটে এবং কোনো রোগী
মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত না হন, সে লক্ষ্যেই যুবদলের পক্ষ থেকে এ কার্যক্রম
পরিচালনা করা হচ্ছে।
তিনি নগরবাসীকে
নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন,
ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা কোনো একটি সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও
সচেতন হতে হবে।
মনিরুল ইসলাম সজল
বলেন, “নিজেদের
ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলেই ডেঙ্গুমুক্ত একটি বাংলাদেশ
গড়ে তোলা সম্ভব হবে।”
মহানগর যুবদলের
সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা
তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ
নিয়ন্ত্রণে যুবদল কাজ করছে।
তিনি বলেন,
মহানগরের ২৭টি ওয়ার্ডে যুবদলের পক্ষ থেকে আগে থেকেই বিভিন্নভাবে সচেতনতামূলক
কার্যক্রম চালানো হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খানপুর হাসপাতাল ও
আশপাশের এলাকায় মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি ডেঙ্গুর লার্ভা জন্মাতে পারে
এমন স্থানগুলো পরিষ্কার করা হচ্ছে।
শাহেদ আহমেদ বলেন, “যেসব স্থানে ডেঙ্গুর
প্রকোপ বা লার্ভা প্রজননের আশঙ্কা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে
পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে।”
কর্মসূচিতে ফগার
মেশিনের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় মশক নিধন করা হয়। পাশাপাশি র্যালির
মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
এ সময় মহানগর
যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, আব্দুর রহমান, সাইফুল আলম সজিব, আহ্বায়ক
কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহীদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, মিনহাজ মিঠু,
সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, জুনায়েদ আলম ঝলক, ফয়সল আহমেদ, আলী হোসেন সৌরভ,
হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন