নারায়ণগঞ্জের বন্দরে
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির
অভিযোগে ‘ক্যাফে শাহ পরান’ নামে একটি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি হোটেল পরিচালনার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে না
পারায় প্রতিষ্ঠানটির মালিককে এ অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)
সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বন্দর ১ নম্বর
খেয়াঘাট এলাকার যুবরাজ সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব
দেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী
সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে
জানা যায়, জনস্বার্থে নিয়মিত তদারকির অংশ হিসেবে বন্দরের বিভিন্ন
খাদ্যপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে ‘ক্যাফে শাহ পরান’ হোটেলে
পরিদর্শনে গিয়ে রান্না ও খাবার সংরক্ষণের ক্ষেত্রে অপরিচ্ছন্ন পরিবেশ দেখতে পান
কর্মকর্তারা। একই সঙ্গে সেখানে বাসি খাবার রাখা ও বিক্রির অভিযোগও পাওয়া যায়।
এ ছাড়া হোটেল পরিচালনার
ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় মালিকপক্ষ। এসব অনিয়মের দায়ে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,
২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় হোটেল মালিক ফরিদকে ১৫ হাজার টাকা জরিমানা
করা হয়।
অভিযান শেষে হোটেল
কর্তৃপক্ষকে রান্নাঘরসহ পুরো প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যবিধি
মেনে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় বৈধ কাগজপত্র
সংগ্রহের নির্দেশ দেওয়া হয়।
অভিযানের সময় একই এলাকার
লাইভ বেকারী, মিঠা বেকারী ও রোজা বেকারীও পরিদর্শন করেন ইউএনও শিবানী সরকার।
পরিদর্শনকালে বেকারিগুলোতে খাদ্য উৎপাদনের পরিবেশ, পরিচ্ছন্নতা
এবং খাদ্যপণ্যের মান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।
এ সময় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে খাদ্যপণ্য
উৎপাদন ও বাজারজাত করার জন্য বেকারি মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেওয়া
হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন