মানবিক সমাজ বিনির্মাণ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সমাজসেবামূলক সংগঠন ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফতুল্লার তল্লা খাপুর এলাকার হোসেন সর্দার
রোডে বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে ফাউন্ডেশনটির কার্যক্রমের শুভ উদ্বোধন
করা হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক মাসুদুজ্জামান
উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন। বাদ জুমা আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ
মহানগরীর বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশু, নারী ও পুরুষের পাশাপাশি
বিভিন্ন মহল্লার নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার
লক্ষ্যেই ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে
তাদের কল্যাণে কাজ করার পরিকল্পনা থেকেই এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল।
তিনি বলেন, প্রায় ১৮ বছর আগে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ নামে সংগঠন
প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছিল।
তবে সে সময় ‘মোস্তফা’ নাম ব্যবহারের বিষয়ে আপত্তি জানানো হয়। পরবর্তীতে দীর্ঘ সময় অপেক্ষার
পর সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তর থেকে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ নামেই নিবন্ধন পাওয়া গেছে।
মাসুদুজ্জামান বলেন, এই দীর্ঘ যাত্রাপথে আমার পরিবার, আত্মীয়স্বজন
ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের অনুপ্রেরণাই আমাকে এত বছর ধৈর্য ধরে এগিয়ে
যেতে উৎসাহিত করেছে। আমি চাই, আমার পরিবারের পরবর্তী প্রজন্ম এই ফাউন্ডেশনের কার্যক্রম
আরও বিস্তৃত করবে এবং মানুষের কল্যাণে এটিকে এগিয়ে নিয়ে যাবে।
ফাউন্ডেশনের নামকরণের বিষয়ে তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে
স্নেহ ও ভালোবাসা থেকে ‘প্রিয় মোস্তফা’ নামে অভিহিত করা হতো। সেই ভাবনা থেকেই ‘ডিয়ার
মোস্তফা’ নামটির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয় এবং মহানবীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই
ফাউন্ডেশনের নামকরণ করা হয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, শিক্ষা ও মেধা বিকাশ, স্বাস্থ্যসেবা, মানবিক
সহায়তা, নিরাপদ পানি সরবরাহ, কর্মসংস্থান ও আত্মনির্ভরতা সৃষ্টি, নারী ও শিশুর উন্নয়ন,
পরিবেশ ও পরিচ্ছন্নতা, যুব ও ক্রীড়া উন্নয়ন এবং দুর্যোগ ও জরুরি সহায়তাসহ বিভিন্ন মানবিক
কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন
আনু, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক খোরশেদ আলম খন্দকার, মহানগর যুবদলের সভাপতি মনিরুল
ইসলাম সজল এবং সাংবাদিক ও সংগঠক শরীফুদ্দি সবুজ।
বক্তারা ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’-এর মানবিক উদ্যোগের প্রশংসা করেন
এবং সমাজের পিছিয়ে পড়া, অনাথ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটির
কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
পরে ফাউন্ডেশনের ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি, সমাজের পিছিয়ে পড়া মানুষের
কল্যাণ এবং দেশ ও জাতির অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত
অতিথি ও সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন