মানবিক ও সমাজকল্যাণমূলক
বিভিন্ন কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
করেছে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা ফতুল্লার
তল্লা খাপুর এলাকার হোসেন সর্দার রোডে বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য
দিয়ে সংগঠনটির কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা
সভাপতি ও সমাজসেবক মাসুদুজ্জামান আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময়
মহানগরীর বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত নারী-পুরুষ, শিশু এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে
মাসুদুজ্জামান বলেন,
মানুষের পাশে দাঁড়ানো এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার
লক্ষ্যেই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৮ বছর আগে এ উদ্যোগের
পরিকল্পনা করা হলেও নামের অনুমোদনসহ বিভিন্ন প্রক্রিয়ার কারণে আনুষ্ঠানিক
কার্যক্রম শুরু করতে সময় লেগেছে। সম্প্রতি ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’ নামে নিবন্ধন
পাওয়ার পর কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি বলেন, পরিবারের
সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং উৎসাহের
কারণে দীর্ঘদিনের পরিকল্পনাটি বাস্তবে রূপ পেয়েছে। ভবিষ্যতে নতুন প্রজন্মের
মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফাউন্ডেশনের নামকরণের
প্রসঙ্গে মাসুদুজ্জামান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা
ও শ্রদ্ধা থেকেই ‘প্রিয় মোস্তফা’ নামটির প্রতি তার আগ্রহ তৈরি হয়। সেই ভাবনা থেকেই
প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে ‘ডিয়ার মোস্তফা ফাউন্ডেশন’।
ফাউন্ডেশন সূত্রে জানানো হয়, সংগঠনটি
শিক্ষা ও মেধা বিকাশ, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা, নিরাপদ পানি সরবরাহ, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরতা, নারী ও
শিশুর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা, যুব ও ক্রীড়া কার্যক্রম এবং দুর্যোগকালীন জরুরি সহায়তাসহ বিভিন্ন খাতে
কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও
বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক
কাউন্সিলর ও সমাজসেবক খোরশেদ আলম খন্দকার, মহানগর যুবদলের
সভাপতি মনিরুল ইসলাম সজল এবং সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ।
অনুষ্ঠানের শেষ পর্বে ফাউন্ডেশনের সফলতা, সুবিধাবঞ্চিত
মানুষের কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে অতিথি ও সুবিধাবঞ্চিত মানুষের অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন