নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং তাদের মধ্যে কয়েকজন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে রাত ১২টার মধ্যে সিদ্ধিরগঞ্জ
থানাধীন মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপের আশপাশে অভিযান চালিয়ে
তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর
রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল
হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মফিজুর (৪০), রুহুল আমিন (৪৮), মো. রুবেল
(২৮) ও মো. সোহেল (৪২)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মফিজুর সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায়
ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। রুহুল আমিন সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী-গোদনাইল এলাকার বাসিন্দা।
রুবেল বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায়
বসবাস করছেন। আর সোহেল সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার চারজনের মধ্যে রুহুল আমিন বঙ্গবন্ধু পরিষদের
সক্রিয় সদস্য, রুবেল তাঁতী লীগের সক্রিয় সদস্য এবং সোহেল স্বেচ্ছাসেবক লীগের সক্রিয়
সদস্য ও মিছিলে অংশগ্রহণকারী। মফিজুরও আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা সন্ত্রাসবিরোধী
আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম
ও মিছিলে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর চারজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন