নারায়ণগঞ্জের আড়াইহাজারে
বায়ুদূষণ নিয়ন্ত্রণের বিধান লঙ্ঘনের দায়ে ছালাইউদ্দিন আহমেদ টেক্সটাইল (প্রা.)
লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর)
উপজেলার কাঠালিয়াপাড়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত অভিযানে
প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা
গেছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাঠালিয়াপাড়া এলাকায়
অভিযান পরিচালনা করা হয়। এ সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ে।
পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ
আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় ছালাইউদ্দিন আহমেদ টেক্সটাইল (প্রা.) লিমিটেডকে ১
লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময়ই জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে
জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানে আড়াইহাজার থানা
পুলিশের সদস্যদের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক
টিটু বড়ুয়া।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশের
ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করছে এমন কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলায়
নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। বায়ুদূষণ নিয়ন্ত্রণে আইন অমান্যকারী প্রতিষ্ঠানের
বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন