তরুণদের ক্রীড়াঙ্গনে
সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখার লক্ষ্যে নারায়ণগঞ্জে শুরু
হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।
সোমবার (২১ সেপ্টেম্বর)
সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সের ড্রিল শেডে প্রতিযোগিতাটির উদ্বোধন করা
হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ফিতা কেটে চ্যাম্পিয়নশিপের
আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ
সুপার বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত
ক্রীড়াচর্চা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব,
পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার মতো গুণ বিকাশে ভূমিকা রাখে।
তিনি বলেন, কমিউনিটি
পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ
বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করা হয়। ক্রীড়া আয়োজনের মধ্য
দিয়ে সেই সম্পৃক্ততা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা পুলিশ জানায়, এবারের চ্যাম্পিয়নশিপে
জেলার বিভিন্ন থানার মোট ১৪টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে পুরুষ বিভাগের সাতটি এবং
নারী বিভাগের সাতটি দল রয়েছে।
উদ্বোধনের পর পুলিশ লাইন্সের
নির্ধারিত মাঠে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই ঘিরে মাঠে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ম্যাচ
দেখতে উপস্থিত দর্শকরাও খেলোয়াড়দের বিভিন্ন মুহূর্তের নৈপুণ্য উপভোগ করেন।
আয়োজকদের ভাষ্য, তরুণ
প্রজন্মকে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় যুক্ত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং
কার্যক্রমকে আরও বিস্তৃত করাই এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে
তরুণদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ইতিবাচক
মানসিকতা গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তারা।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, পুলিশ
সদস্য, খেলোয়াড়, সংশ্লিষ্ট
কর্মকর্তা ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন