নাইজেরিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও নিটওয়্যার পণ্যের রপ্তানি বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও নাইজেরিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদের মধ্যে কার্যকর যোগাযোগ এবং বিজনেস টু বিজনেস (B2B) সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিয়া মো. মাইনুল কবিরের
সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন
(BKMEA) নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার বিকেএমইএর
ঢাকা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নাইজেরিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও নিটওয়্যার পণ্যের
রপ্তানি সম্প্রসারণ, সম্ভাব্য ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে B2B সংযোগ স্থাপন এবং নতুন
বাজার তৈরির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নাইজেরিয়া থেকে তুলা সংগ্রহ করে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পে
ব্যবহার করার বিষয়টিও গুরুত্ব পায়। এর মাধ্যমে কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পোশাক
উৎপাদন ও বিপণন পর্যন্ত দুই দেশের মধ্যে বৃহত্তর ভ্যালু-চেইন সহযোগিতা গড়ে তোলার সম্ভাবনা
রয়েছে বলে বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নাইজেরিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদের
বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে আসন্ন Bangladesh International
Textile, Knitting and Garment Industry Exhibition (BTKG Fair)-এ নাইজেরীয় ব্যবসায়ী
ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এ ছাড়া নাইজেরীয় ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের
B2B সভা আয়োজন এবং বাংলাদেশের তৈরি পোশাক কারখানা পরিদর্শনের ব্যবস্থা করার প্রস্তাব
দেন মোহাম্মদ হাতেম।
বৈঠকে নাইজেরিয়ার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারক সংগঠনের সঙ্গে কার্যকর
যোগাযোগ স্থাপন, বাংলাদেশ–নাইজেরিয়া সমন্বিত ফ্যাশন শো আয়োজন এবং পোশাক খাতে যৌথ উদ্যোগ
গ্রহণের সম্ভাবনাও তুলে ধরা হয়। পাশাপাশি নাইজেরিয়ার বাজারে বাংলাদেশের পণ্যের স্থানীয়
ডিস্ট্রিবিউশন ও ওয়্যারহাউজিং ব্যবস্থা গড়ে তোলাসহ বিভিন্ন ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্র
নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিকেএমইএর সহ-সভাপতি মো. শামসুজ্জামান, সিআইপি; সহ-সভাপতি মোহাম্মদ
রাশেদ; সাবেক সহ-সভাপতি মো. আক্তার হোসেন অপূর্ব; পরিচালক মো. মনিরুজ্জামানসহ সংগঠনের
সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, বাজার সম্ভাবনা যাচাই এবং যৌথ উদ্যোগের মাধ্যমে নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন