নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণ ও সেখানে বর্জ্য ফেলা বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে তারাব বিশ্বরোডসহ মহাসড়কের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সোমবার (২৪ আগস্ট)
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় এ
কর্মসূচি পালন করেন ভুক্তভোগী এলাকাবাসী। পরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও পুলিশের
আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
স্থানীয়দের অভিযোগ,
তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ময়লা-আবর্জনা নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রায়
তিন বছর ধরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফেলা হচ্ছে। দিনের পর দিন বর্জ্য জমতে জমতে
সেখানে বড় আকারের একটি ভাগাড় তৈরি হয়েছে।
বিক্ষোভকারীদের
ভাষ্য, দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার দুর্গন্ধে আশপাশের পরিবেশ বসবাসের অনুপযোগী
হয়ে উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি মহাসড়ক দিয়ে
চলাচলকারী পথচারী, যানবাহনের যাত্রী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও।
একাধিক বাসিন্দা
জানান, প্রায় তিন শতাধিক পরিবার ওই ময়লার ভাগাড়ের আশপাশে বসবাস করছে। দুর্গন্ধ ও
অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পরিবারের সদস্যরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে
অভিযোগ তাদের। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বৃষ্টির পানির
সঙ্গে ময়লা-আবর্জনা আশপাশের বাড়িঘরের দিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের আরও
অভিযোগ, মহাসড়কের পাশ ঘেঁষে ময়লার স্তূপ জমে থাকায় সড়কের একাংশ সংকুচিত হয়ে পড়েছে।
ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট।
বিক্ষোভকারীরা
দ্রুত ওই স্থান থেকে ময়লার ভাগাড় অপসারণের দাবি জানান। একই সঙ্গে আবাসিক ও ব্যস্ত
বাণিজ্যিক এলাকার পরিবর্তে নির্জন ও উপযুক্ত কোনো স্থানে পরিবেশবান্ধব পদ্ধতিতে
বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
তারা হুঁশিয়ারি
দিয়ে বলেন, দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি
দেওয়া হবে।
এক ঘণ্টাব্যাপী
অবরোধের পর স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও পুলিশের পক্ষ থেকে সমস্যা সমাধানে
প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হলে দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে যান
বিক্ষোভকারীরা। পরে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন