মুসলমানদের মধ্যে ঐক্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শ অনুসরণের প্রশ্নে কোনো মতপার্থক্য নেই বলে মন্তব্য করেছেন মিলাদুন্নবী উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ।
তিনি বলেন, কওমি,
সুন্নি কিংবা আলিয়া—ধারার ভিন্নতা থাকলেও মুসলমান হিসেবে সবাই এক এবং মহানবী
(সা.)-এর প্রতি ভালোবাসায় সবাই ঐক্যবদ্ধ।
বুধবার (২৬ আগস্ট)
বেলা ১২টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে
আয়োজিত জশনে জুলুস অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ সোহাগ
বলেন, “নারায়ণগঞ্জ জেলায় আমাদের জন্ম হয়েছে, এ জন্য আমরা ধন্য। আল্লাহর রহমতে আমরা
বাহাদুর শাহ আল-মাদানীর মতো একজন মুর্শিদ পেয়েছি। তাঁর নেতৃত্বে আমরা সুন্দরভাবে
জুলুস উদযাপন করছি।”
জশনে জুলুসের
দীর্ঘদিনের ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরের অভ্যন্তরীণ শৃঙ্খলা
বজায় রেখে প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতা
আজও তাদের মুর্শিদ বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বে বজায় রয়েছে।
মুসলিম উম্মাহর
ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মোহাম্মদ সোহাগ বলেন, “মুসলমানদের মধ্যে একতা রয়েছে
এবং রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শের ব্যাপারে আমাদের কোনো
মতপার্থক্য নেই।”
তিনি আরও বলেন,
“অনেক আলেম, কওমি ও মাদরাসার ছাত্রও এ আয়োজনে এসেছেন। তাদের প্রতি আমাদের আবেদন ও
নিবেদন—কওমি, সুন্নি বা আলিয়া যাই হোক না কেন, আমরা সবাই এক।”
অনুষ্ঠান সফলভাবে
সম্পন্ন হওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে
মোহাম্মদ সোহাগ বলেন, তাঁর ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর থাকায়
এবারের জশনে জুলুস শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “নবীর
প্রেমে ২০২৬ সালের এই পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়েছে।
আগামী ২০২৭ সালের আয়োজন আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশা
করি।”
অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ
মোজাদ্দেদী আল আবেদী।
এ ছাড়া নারায়ণগঞ্জ
সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন
কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির
খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন