বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে
আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে যোগ দিতে শনিবার
(১২ সেপ্টেম্বর) আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন,
এমপি।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা
এলাকার পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ সময় স্থানীয় সংসদ
সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
উপস্থিত থাকবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে
স্থানীয়দের জন্য ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা
হবে। এ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং
মৎস্যসম্পদ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রীকে স্বাগত জানানো এবং নির্ধারিত কর্মসূচি সুষ্ঠুভাবে
সম্পন্ন করতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে প্রস্তুতি
নেওয়া হয়েছে।
এদিকে
মন্ত্রীর সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় আয়োজকদের মধ্যে ব্যস্ততা বেড়েছে। কর্মসূচিতে
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি
সম্পন্ন করা হচ্ছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন