নারায়ণগঞ্জ শহরের চাষাড়া
এলাকায় শ্রী শুভ চন্দ্র দাস হত্যা মামলায় মো. সাকিব সরকার দিমুন ওরফে ধিমন (২৩)
নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৬
সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর থানার শিলমান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা
হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গত ৫
সেপ্টেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক
থেকে শুভ চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। স্থানীয়দের কাছ থেকে
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় মরদেহটি
উদ্ধার করে।
নিহত শুভ চন্দ্র দাস
নারায়ণগঞ্জ সদর থানার গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী
হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলাটি ৫ সেপ্টেম্বর দায়ের করা হয় এবং
এতে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটি
গুরুত্বের সঙ্গে তদন্তে নিয়ে নারায়ণগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মো. হাবিবুর
রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ কাজ শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার মো.
হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির একটি বিশেষ দল মামলাটির তদন্তে নামে।
তদন্তের ধারাবাহিকতায়
হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটনের দাবি করে পুলিশ। এ সময় ঘটনায়
জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর আসামি সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য
আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রিমান্ডে
সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা
হয়। পাশাপাশি আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য এবং ঘটনাস্থল ও
আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধিমনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
এরপর ডিবির তদন্তকারী
কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে অভিযান চালানো হয়। বুধবার
দুপুর ১টা ১০ মিনিটে নরসিংদী সদর থানার শিলমান্দী এলাকা থেকে সাকিব সরকার দিমুন
ওরফে ধিমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ধিমন নারায়ণগঞ্জের
ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকার নাদির সরকারের ছেলে। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন
জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার
তদন্তের স্বার্থে ধিমনকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার আদালতে
পাঠানো হয়েছে।
ডিবি পুলিশ বলছে, শুভ চন্দ্র দাস হত্যার পেছনের
কারণ, ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং
হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আরও তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন