নারায়ণগঞ্জ নগরীতে রাতের
বেলায় মিছিল করেছে মহানগর বিএনপি। নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর
বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ কর্মসূচি পালন
করেন দলটির নেতাকর্মীরা।
মহানগর বিএনপির সদস্যসচিব
অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন
গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা
বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল
ইউসুফ খান টিপু আওয়ামী লীগ,
যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের
বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা তৈরির অভিযোগ
করেন।
তিনি এসব কর্মকাণ্ডের
প্রতিবাদ জানিয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে
দেশের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের
উদ্দেশে বক্তব্য দেন তিনি।
মিছিল শেষে নেতাকর্মীরা
নগরীর বিভিন্ন সড়ক থেকে সরে যান। কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে
সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল।
এ সময় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন