নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এনসিসিআই) এবং ‘উই আর ভলান্টিয়ার্স’-এর প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিরা পুলিশ
সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নিজ নিজ সংগঠনের কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ
সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন তারা।
এ সময় নারায়ণগঞ্জের সার্বিক
আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্পাঞ্চলের নিরাপত্তা, জননিরাপত্তা, যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং
পুলিশ-ব্যবসায়ী পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
আলোচনায় ব্যবসায়ী প্রতিনিধিরা
মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার ও অব্যাহত
রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা
নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে মতামত তুলে ধরেন তারা।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ
নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং
ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের প্রয়োজনীয়
নির্দেশনা দেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিল্প-বাণিজ্যের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ
কাজ করছে। এ ক্ষেত্রে ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ। পুলিশ ও
ব্যবসায়ীদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নারায়ণগঞ্জের নিরাপত্তা ব্যবস্থা আরও
কার্যকর করা সম্ভব।
সাক্ষাৎকালে পুলিশ সুপার আইনশৃঙ্খলা
পরিস্থিতি বজায় রাখতে বিকেএমইএ ও এনসিসিআইসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর
সহযোগিতা কামনা করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তারা এবং বিকেএমইএ, এনসিসিআই ও ‘উই আর ভলান্টিয়ার্স’-এর
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন