নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ফুটপাত
দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর
ওয়ার্ডের ডিএনডি লেক ও সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সাখাওয়াত হোসেন খান বলেন, পরিবেশের
ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ নগর গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প
নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত
পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন,
আজকের রোপণ করা গাছগুলো ভবিষ্যতে বড় হয়ে ফল ও ছায়া দেবে। এর সুফল
ভোগ করবেন স্থানীয় বাসিন্দারাই। এ লক্ষ্যেই নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে
বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার
গাছ লাগানোর কর্মসূচির কথা উল্লেখ করেন এবং রোপণ করা গাছের যত্ন নিতে স্থানীয়
বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
পরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট
ও বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের মাধ্যমে
ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ
থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ
সম্পাদক এম এ হালিম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন