সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের
উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ভূমিকম্পের কারণে বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট সংযোগ
বিচ্ছিন্ন হয়ে পড়েছে—এমন পরিস্থিতি ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময়
ইমার্জেন্সি অপারেশনস সেন্টার থেকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা সক্রিয় করা, জরুরি তথ্য আদান-প্রদান, ধ্বংসস্তূপে আটকে পড়া
ব্যক্তিদের উদ্ধার এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন জরুরি কার্যক্রমের অনুশীলন করা হয়।
এ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় প্রচলিত
মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলে কীভাবে বিকল্প প্রযুক্তির মাধ্যমে
দ্রুত তথ্য পাঠানো ও গ্রহণ করা যায়, মহড়ায় তার বাস্তব প্রদর্শন করা
হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক
আব্দুল্লাহ আল আরেফিন বলেন,
বড় ধরনের ভূমিকম্প বা দুর্যোগের সময় বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা অচল হয়ে যেতে পারে। তখন জরুরি উদ্ধার ও
সেবা কার্যক্রম সচল রাখতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন,
মহড়ার মাধ্যমে ইমার্জেন্সি অপারেশনস সেন্টার থেকে বিকল্প যোগাযোগ
চালু করে দ্রুত তথ্য আদান-প্রদান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই
করা হয়েছে। নিয়মিত এ ধরনের মহড়া দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর
প্রস্তুতি ও পারস্পরিক সমন্বয় আরও জোরদার করবে।
আয়োজকরা
জানান, ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে
ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও দ্রুত উদ্ধার তৎপরতা জরুরি। বাস্তব পরিস্থিতির
আদলে পরিচালিত এ ধরনের মহড়া ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থার সক্ষমতা যাচাই এবং
জরুরি সেবার সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্যা প্রেস নিউজ /এফজে
মন্তব্য করুন