নারায়ণগঞ্জের নতুন জেলা
সিভিল সার্জন ডা. এসএম সাখাওয়াত হোসেন বলেছেন, নারায়ণগঞ্জের
সঙ্গে তার পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাই এ জেলার মানুষের জন্য নিজের
সর্বোচ্চটা দিয়ে কাজ করতে চান তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)
দুপুর ২টায় নগর ভবনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আয়োজিত এইচপিভি
টিকাবিষয়ক অ্যাডভোকেসি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. এসএম সাখাওয়াত হোসেন
বলেন, “নারায়ণগঞ্জে আমার নানির বাবার বাড়ি। এখানে আমার মামা, খালা ও আত্মীয়স্বজন রয়েছেন। তাদের নাম বলব না। শুধু এটুকু বলব, আমি আপনাদের আপনজন। এই জেলার জন্য আমি আমার হৃদয় দিয়ে চেষ্টা করব।
আপনাদের কাছে দোয়া চাইব, আপনারা আমার পাশে থাকবেন।”
তিনি বলেন, নারায়ণগঞ্জের
মানুষের তাকে নিজেদের একজন হিসেবে দেখার আহ্বান জানিয়ে দল-মত নির্বিশেষে দায়িত্ব
পালনের কথা জানান।
সিভিল সার্জন বলেন, “আমি
নারায়ণগঞ্জ জেলারই, আপনাদের সন্তান। আমাকে আপনাদের একজন
ভাববেন। দল-মত নির্বিশেষে একজন সিভিল সার্জন হিসেবে আমি আমার দায়িত্ব পালন করব।
শুধু ভিক্টোরিয়া নয়, জেলার তৃণমূল পর্যায় পর্যন্ত,
প্রতিটি উপজেলায় স্বাস্থ্যসেবার কার্যক্রম এগিয়ে নিতে কাজ করব।”
তিনি আরও বলেন, প্রতিটি
উপজেলায় স্বাস্থ্য কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের স্বাস্থ্য খাতের লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার
আহ্বান জানান তিনি।
এইচপিভি টিকা প্রসঙ্গে সিভিল
সার্জন বলেন, “সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সামনে নিয়ে এসেছে। আমাদের আগামী
প্রজন্মকে সুরক্ষিত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এটি কারও একার দায়িত্ব
নয়।”
নারায়ণগঞ্জের প্রতিটি
কিশোরীকে এই টিকার আওতায় আনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “এই
কিশোরীরাই ভবিষ্যতে মা, খালা, নানি
ও দাদি হবে। তাদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব।”
নিজের আগের কর্মস্থলের
অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, নবাবগঞ্জে এইচপিভি টিকাদান কর্মসূচি
বাস্তবায়নের সময় মানুষের মধ্যে কিছুটা অনীহা ও ভুল ধারণা ছিল। এই টিকা নিয়ে
মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নির্ভয়ে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “এটি
সম্পূর্ণ হালাল ভ্যাকসিন। বিশ্বের বিভিন্ন দেশে এই টিকা দেওয়া হয়েছে। তাই নির্ভয়ে
এই বার্তা প্রচার করবেন, যাতে আমাদের সন্তানদের সুরক্ষিত
রাখা যায়।”
এইচপিভি টিকাদান কর্মসূচি
সফল করতে শিক্ষক,
ইমাম, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা
প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম। মেডিকেল
অফিসার ডা. নাফিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসিক প্রশাসক
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল
সার্জন ডা. এসএম সাখাওয়াত হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আফসানা আফরোজ
বিভা, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দিলারা মাসুদ ময়না, ইউনিসেফের ইপিআই স্পেশালিস্ট রিশান্তা মন্ডল, ডব্লিউএইচও
প্রতিনিধি ডা. গোলাম মোরশেদ, নাসিক মেডিকেল অফিসার ডা.
মোস্তফা আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম ও
স্বাস্থ্যকর্মীরা।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন