নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশে একটি ‘গুপ্ত সংগঠন’ রয়েছে, যারা গত নির্বাচনে ‘বেহেশতের টিকিট’ বিক্রির মাধ্যমে দেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। তবে দেশের মানুষ সচেতন ও বুদ্ধিমান হওয়ায় সবাই সেই ধোঁকায় পা দেয়নি। এখন এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (২৬ আগস্ট)
বেলা ১২টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত
জসনে জুলুস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান
বলেন, ‘বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে। তারা গত নির্বাচনে বেহেশতের টিকিট
বিক্রি করে দেশের মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এ দেশের মানুষ অনেক
বুদ্ধিমান। সবাই সেই ধোঁকায় পা দেয়নি। কিছু মানুষ দিয়েছিল, এখন তারা বুঝতে পারছে।
নইলে ওই সংগঠন এত ভোট পেত না, আসনও পেত না।’
তিনি বলেন, এ ধরনের
কর্মকাণ্ড থেকে দেশের মানুষকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি তিনি বলেন, ‘আমি তারেক
রহমানের পক্ষ থেকে বলতে চাই, আমরা আপনাদের পাশে আছি।’
ইসলামের আদর্শ ও
ধর্মীয় মূল্যবোধ নিয়ে কথা বলতে গিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমাদের ইসলামকে
ভিন্ন পথে পরিচালিত করার জন্য, নবীর আদর্শকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য
পৃথিবীব্যাপী ইহুদিবাদী একটি সংগঠন কাজ করছে। তারা আমাদের মধ্য থেকেই কিছু
ব্যক্তিকে বেছে নিয়েছে। অর্থের বিনিময়ে তাদের দিয়ে আমাদের ঈমানহারা করার জন্য
চেষ্টা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা
কি সেটা হতে দিতে পারি? কখনোই হতে দিতে পারি না। আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক
থাকতে হবে।’
সাখাওয়াত হোসেন আরও
বলেন, ‘বাংলাদেশে ওহাবিরা ঢুকে পড়ছে। তাদের কোনো প্রকার ছলচাতুরিতে আমরা পা দেব
না। আমাদের সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
তিনি দাবি করেন,
বাংলাদেশে প্রচলিত ইসলামী চর্চা ও সুফিবাদী ধারার ইতিহাস দীর্ঘদিনের। ‘আমরা যে
ইসলাম পালন করি, তা মদিনার ইসলাম। সেই ইসলাম এ দেশে প্রচার করেছেন হযরত শাহজালালসহ
বিভিন্ন সুফি সাধক। সুফিবাদের মাধ্যমে এ দেশের ইসলামকে পরিশুদ্ধ করা হয়েছে। আমরা
সেই ইসলামকে এখানে প্রতিষ্ঠিত করতে চাই,’ বলেন তিনি।
ঈদে মিলাদুন্নবী
উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ
মোজাদ্দেদী আল আবেদী।
এ ছাড়া অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব,
জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের
নেতৃবৃন্দ।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন