নারায়ণগঞ্জের নদ-নদীর দখল ও দূষণের উৎস চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে সমন্বিত পরিকল্পনা নেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। একই সঙ্গে নদীর পাড় সংরক্ষণ, দখলমুক্তকরণ এবং নদীর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপায় নিয়েও কাজ চলছে বলে জানান তিনি।
বুধবার (২৬ আগস্ট)
দুপুরে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর ঘাট এলাকায় নদীর বর্তমান অবস্থা সরেজমিনে
পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সাকি বলেন, নদী ও
জলাশয়ের বর্তমান পরিস্থিতির পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন খালের মধ্যে
যোগাযোগব্যবস্থা কীভাবে বাড়ানো যায়, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, পানি
সরবরাহের ক্ষেত্রে আমরা মাটির নিচ থেকে বেশি পানি উত্তোলন করছি। এর পরিবর্তে
সারফেস ওয়াটার বা ভূপৃষ্ঠের পানি কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সেটিও
গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী
জানান, নদী, খাল ও জলাশয় সংক্রান্ত বিভিন্ন প্রকল্প সমন্বিতভাবে বাস্তবায়নের বিষয়ে
প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী
একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটির সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয় ও নৌপরিবহন
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সচিবরা মিলে বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করছি।
নদী দখল ও দূষণের
কারণ চিহ্নিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা উল্লেখ করে সাকি বলেন, কোথায়, কী
কারণে নদী দূষণ হচ্ছে এবং নদীর চারপাশে কোথায় কীভাবে দখল করে রাখা হয়েছে, সেগুলো
আমরা দেখছি। কীভাবে এসব জায়গা দখলমুক্ত করা যায়, একই সঙ্গে নদীর পাড়গুলো কীভাবে
রক্ষা করা যায়, সেটিও আমাদের দেখতে হবে।
তিনি আরও বলেন, নদী
থেকে মানুষের যে সুফল পাওয়ার কথা, তা নিশ্চিত করতে বাস্তব পরিস্থিতি সরেজমিনে
পর্যবেক্ষণ করা হচ্ছে।
পরিদর্শন শেষে এ
বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সরেজমিনে পরিদর্শনে পাওয়া বিভিন্ন সমস্যা ও সুপারিশ প্রধানমন্ত্রীর
কাছে তুলে ধরার প্রত্যাশা রয়েছে।
পরিদর্শনকালে
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
মো. রাজিব আহসান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, জেলা পুলিশ সুপার
মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন