নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কেউ কটাক্ষ বা অশ্রদ্ধা করলে তার মোকাবিলা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। তবে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রেও মহানবী (সা.)-এর আদর্শের বাইরে কোনো পথ অনুসরণ করা যাবে না।
তিনি বলেন, নবীর
আদর্শের বাইরে কোনো নির্দেশনা বা ফতোয়া মানার সুযোগ নেই। ইসলামকে সঠিকভাবে ধারণ
করতে হলে মহানবী (সা.)-এর দেখানো পথই অনুসরণ করতে হবে।
বুধবার (২৬ আগস্ট)
বেলা ১২টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে
আয়োজিত জশনে জুলুস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাশুকুল ইসলাম
রাজিব বলেন, নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম না হলে এই পৃথিবীর সৃষ্টি হতো না,
আমরাও সৃষ্টি হতাম না। তাই নবীকে নিয়ে কোনো মুসলমান সামান্য পরিমাণ অশ্রদ্ধা বা
কটূক্তির কথা বললে তার ঈমান-আকিদা নিয়ে সন্দেহ জাগাটা স্বাভাবিক।
তিনি বলেন, ইসলাম
মানুষের মধ্যে আদব-কায়দা, শিষ্টাচার ও সত্যের শিক্ষা দেয়। এসব মূল্যবোধ রক্ষা করাও
মুসলমানদের ঈমানি দায়িত্বের অংশ।
রাজিব বলেন, নবীর
আমল থেকেই ইসলামের মধ্যে ঢুকে শুরু থেকে ইসলামকে কলুষিত করার চেষ্টা চলছে। এটি
কেয়ামত পর্যন্ত চলবে। তাই এসব বিভ্রান্তি থেকে বাঁচতে হলে সঠিক পথ বেছে নিতে হবে।
আর সেই পথ হলো নবীর আদর্শ।
তিনি আরও বলেন,
মহানবী (সা.)-এর আদর্শের বাইরে কোনো নির্দেশনা বা ফতোয়া অনুসরণের সুযোগ নেই।
ধর্মীয় বিষয়ে যেকোনো বিভ্রান্তি বা অপপ্রচারের মোকাবিলাও নবীর শিক্ষা ও আদর্শ
অনুসরণ করেই করতে হবে।
দেশের ধর্মপ্রাণ
মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে অনেকে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষকে
বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন নাসিকের এই প্রশাসক।
তিনি বলেন, ইসলামিক
চিন্তাবিদদের বিশ্লেষণধর্মী আলোচনা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে মানুষের মধ্যে
সচেতনতা বাড়ানো সম্ভব। আরবি ভাষা সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান সীমিত হওয়ায়
ধর্মীয় বিষয় নিয়ে ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার সুযোগও তৈরি হয়।
মাশুকুল ইসলাম
রাজিব বলেন, আমাদের রাসুলকে কেউ কটাক্ষ করলে তার মোকাবিলা করা আমাদের ঈমানি
দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করতে হবে নবীর আদর্শ দিয়েই।
ঈদে মিলাদুন্নবী
উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ
মোজাদ্দেদী আল আবেদী।
এ ছাড়া অনুষ্ঠানে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা
ছাত্রদলের সাবেক নেতা জাকির খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এসআর
মন্তব্য করুন