নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় সদ্য দায়িত্ব নেওয়া অফিসার ইনচার্জ
(ওসি) মো. আব্দুল বারিকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর
অপরাধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে করণীয়
নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার নতুন ভবনের তৃতীয়
তলার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকরা সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার সামগ্রিক
আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। বিশেষ করে মাদকের বিস্তার, কিশোর
গ্যাংয়ের তৎপরতা, চুরি, ডাকাতি ও
ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এসব অপরাধ
প্রতিরোধে নিয়মিত অভিযান ও কার্যকর পুলিশি তৎপরতা জোরদারের আহ্বান জানান
সংবাদকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল
বারিক। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় ওসি মো. আব্দুল বারিক বলেন, সোনারগাঁয়ের
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া
গেলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে। তথ্য যাচাই-বাছাই করে অপরাধের সঙ্গে জড়িতদের
বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মাদক ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণ ও গণমাধ্যমের
সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে ওসি বলেন, জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক
আস্থা ও যোগাযোগ আরও বাড়াতে হবে। সোনারগাঁয়ে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার
লক্ষ্যে পুলিশ কাজ করবে।
সভায়
সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া
হয়। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও গণমাধ্যম
একসঙ্গে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন