নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকা সাতটি হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সবুজ ওরফে কালাই সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেমরার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সহযোগী এজাজুল হককে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া
এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। পরে রূপগঞ্জের
রূপসী এলাকায় অভিযান চালিয়ে এজাজুল হককে আটক করা হয়।
গ্রেপ্তার সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও
এলাকার কালাইয়ের ছেলে। তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতের
ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন
জানান, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে
প্রতিবাদ করায় নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই হত্যা
মামলায় গত বছরের ৪ সেপ্টেম্বর সবুজ ওরফে কালাই সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া
হয়।
পুলিশের ভাষ্য, সবুজ দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায়
অপহরণ, জিম্মি করে মুক্তিপণ আদায় ও হত্যাসহ নানা ধরনের
সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সাতটি হত্যা মামলাসহ
মোট ২৬টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, সবুজকে গ্রেপ্তারে গত চার মাস ধরে
পুলিশের একাধিক দল কাজ করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে
ডেমরার কোনাপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ
তাকে গ্রেপ্তার করা হয়।
পরে সবুজকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে রূপসী এলাকায়
অভিযান চালিয়ে তার সহযোগী এজাজুল হককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এজাজুলের
বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার
দুজনকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন