রোমেরোকে নতুন অধিনায়ক করার সিদ্ধান্ত অবশ্য হঠাৎ নেওয়া হয়নি।
বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা দলের তৃতীয় অধিনায়ক হিসেবে তাকে নির্ধারণ করেছিলেন
কোচ লিওনেল স্কালোনি। মেসি ওতামেন্দি সরে দাঁড়ানোয় এবার স্বাভাবিকভাবেই নেতৃত্বের
তালিকায় সবার ওপরে উঠে এসেছেন আতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডার।
দলের অভিজ্ঞ নেতা এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেস ও নিকোলাস
তাগলিয়াফিকোকে পেছনে ফেলে রোমেরোর ওপর আস্থা রেখেছেন স্কালোনি। মাঠে নেতৃত্ব
দেওয়ার পাশাপাশি মেসি-পরবর্তী সময়ে ড্রেসিংরুমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার
দায়িত্ব থাকবে তার ওপর।
তবে ২০২৭ সাল পর্যন্ত স্কালোনি আর্জেন্টিনার কোচ থাকবেন কি না, সেটি
এখনো নিশ্চিত নয়। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার চুক্তি নবায়ন নিয়ে
আলোচনা চলছে।
আগামী সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচ
দুটির প্রতিপক্ষ চলতি সপ্তাহেই চূড়ান্ত হওয়ার কথা। তবে নতুন অধিনায়ক হিসেবে
রোমেরোর অভিষেক হবে না ওই ম্যাচগুলোতে। এর আগেই তিনবার আর্জেন্টিনাকে নেতৃত্ব
দিয়েছেন তিনি।
২০২৪ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির
বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড পরেন রোমেরো।
সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা।
এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে একটি ম্যাচেও দলকে
নেতৃত্ব দেন তিনি। সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে
আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন রোমেরো।
আর্জেন্টিনার
জার্সিতে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। মেসি ও ওতামেন্দির বিদায়ের
পর জাতীয় দলের নতুন অধ্যায়ে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান রোমেরো। সামনে এখন তার
সবচেয়ে বড় দায়িত্ব—বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মেসি-পরবর্তী যুগে নেতৃত্ব
দেওয়া।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন