নারায়ণগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭১ জনকে গ্রেপ্তার করেছে
জেলা পুলিশ। জেলার সাতটি থানায় একযোগে পরিচালিত অভিযানে মাদকসেবীদের বিরুদ্ধে এ
ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন
এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক নির্মূলে
গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে
পুলিশ।
এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী
অভিযানে সরাসরি নেতৃত্ব দেন পুলিশ সুপার হাবিবুর রহমান। এ সময় জেলা পুলিশের
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিদ্ধিরগঞ্জের শিমরাইল, বটতলা মোড়, আদর্শনগর খেলার মাঠ, নিমাইকাশারী বাজার ও
বাঘমারা বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে ১১ জন মাদকসেবীকে
গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ে
নারায়ণগঞ্জের সাতটি থানায় পৃথক অভিযান পরিচালনা করে মোট ৭১ জন মাদকসেবীকে
গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ
জানিয়েছে, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারি
ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি
স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন