বৃহস্পতিবার (১০
সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, জীবন যখন কঠিন সময়ের মুখোমুখি
করে, তখন মনে রাখতে হবে—অন্য প্রান্তে হয়তো সুন্দর কিছু অপেক্ষা করছে।
নিজের অভিজ্ঞতার
কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, তার জন্য এটি ছিল দীর্ঘ ও কঠিন এক যাত্রা। সেই সময়ে
অপমান, হয়রানি, শারীরিকভাবে আক্রান্ত হওয়া এবং কাছের মানুষদের কাছ থেকে পরিত্যক্ত
হওয়ার অনুভূতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।
তবে এসব
প্রতিকূলতার মধ্যেও তিনি উপলব্ধি করেছেন, অনেক সময় সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকেই
সবচেয়ে বড় সমর্থন পাওয়া যায়।
বাঁধন তার পোস্টে
কঠিন সময়ে পাশে থাকার জন্য বাংলাদেশ ও ইতালি সরকার, ইতালিতে বাংলাদেশ দূতাবাস,
ইতালিয়ান পুলিশ এবং উৎসব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, যখন তার
সবচেয়ে বেশি সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন ছিল, তখন এসব প্রতিষ্ঠান তার পাশে
দাঁড়িয়েছে। নিজের কিছু মানুষ দূরে সরে গেলেও ওই সময় এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট
ব্যক্তিরা তার জন্য শক্তি ও নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছিলেন বলেও উল্লেখ
করেন তিনি।
এ ছাড়া যারা তার
খোঁজ নিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, দোয়া করেছেন কিংবা তাকে একটি ভালো কথা বলেছেন তাদের
প্রত্যেকের প্রতিও কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। পোস্টের শেষ দিকে তিনি তাদের উদ্দেশে
ভালোবাসা প্রকাশ করেন।
ভেনিসে যাওয়ার
কারণও রয়েছে বিশেষ। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন
পরিচালিত ‘দ্য
ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন
বাঁধন।
অভিযোগ অনুযায়ী,
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় একটি
পার্কে গেলে সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে দাবি করা কিছু ব্যক্তির সঙ্গে
তার বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা তার ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন
বলে অভিযোগ করেন বাঁধন।
ঘটনার পর তার পাশে
দাঁড়ায় বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন। একই সঙ্গে বিষয়টি নিয়ে দেশে ও বিদেশে
বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ঘটনার প্রতিবাদ
জানিয়ে বাঁধনের প্রতি সমর্থন প্রকাশ করেন।
এই কঠিন অভিজ্ঞতার
পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে বাঁধন মূলত জানিয়েছেন প্রতিকূলতার
মধ্যেও মানুষের সহযোগিতা ও সমর্থন তাকে শক্তি জুগিয়েছে। সেই সহায়তার জন্য
সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন