নারায়ণগঞ্জের বন্দর থানা
এলাকায় মাদক,
কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্রসহ
বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, চুরি
মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি ও একজন মাদকসেবী
রয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা
করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে এবং
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে থানা পুলিশের
পৃথক দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী
আইনের মামলায় সাবেক মুছাপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ ১১
জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন শিশু-কিশোর রয়েছে এবং তাদের
বিরুদ্ধে আইনের সঙ্গে সংঘাতে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে।
এ ছাড়া চুরির মামলায় মো.
জুয়েল (৩১) ও মো. ফয়সালকে (২৮) গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে আদালতের
পরোয়ানাভুক্ত ইমতিয়াজ মীম ও শারমনি আক্তার ওরফে শারমীনকেও গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ১৯
সেপ্টেম্বর রাতে বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় আরও একজনকে
গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার
১৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের
আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক,
কিশোর গ্যাং, ছিনতাই, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বন্দর থানা এলাকায় নিয়মিত
অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন