নারায়ণগঞ্জের বিভিন্ন অটোরিকশা গ্যারেজে মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে কয়েকটি গ্যারেজে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (১৪
সেপ্টেম্বর) রাতে এনওসিএস শীতলক্ষ্যা দপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান
পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের
কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ এবং এনওসিএস
শীতলক্ষ্যা ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী এ এইচ এম তারেক তুষারের নেতৃত্বে যৌথভাবে মোবাইল
কোর্ট পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট
সূত্র জানায়, ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার জন্য শহরের বিভিন্ন গ্যারেজে
অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। রাতের অভিযানে এসব সংযোগ শনাক্ত করা হয়। পরে
ঘটনাস্থলেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ সময় অবৈধভাবে
বিদ্যুৎ ব্যবহারের দায়ে বিদ্যুৎ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের
বিরুদ্ধে জরিমানা করা হয়। একই সঙ্গে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে
বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ।
এনওসিএস শীতলক্ষ্যা
দপ্তরের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম তারেক তুষার বলেন, বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন
বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং ডিপিডিসির সিস্টেম লস কমিয়ে আনতে অবৈধ সংযোগের
বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।
তিনি বলেন, বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড়
দেওয়া হবে না। এ ধরনের নৈশকালীন অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
এক্সিকিউটিভ
ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ বলেন, রাষ্ট্রীয় সম্পদ চুরির বিরুদ্ধে জেলা প্রশাসন
ও ডিপিডিসি সমন্বিতভাবে কাজ করছে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় আইন
অনুযায়ী ঘটনাস্থলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,
জনস্বার্থে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান সামনে আরও জোরদার করা হবে।
অভিযানে ডিপিডিসির
কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত
ছিলেন।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন