নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে
বিদ্যুতের অপচয়,
অবৈধ ব্যবহার ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা পাওয়ার
ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। অভিযানে চারটি ইজিবাইক গ্যারেজকে মোট
৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে
সিদ্ধিরগঞ্জের সিআইখোলা,
বাতানপাড়া ও গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা প্রশাসনের
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ।
ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী
প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম,
মো. সানোয়ার হোসেন ও মো. অলিউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা
অভিযানে অংশ নেন।
অভিযানকালে সিআইখোলা এলাকায়
জসিমের মালিকানাধীন একটি ইজিবাইক গ্যারেজে একই মিটার ব্যবহার করে দুটি প্রতিষ্ঠানে
বিদ্যুৎ সরবরাহের বিষয়টি ধরা পড়ে। এ অনিয়মের কারণে বিদ্যুৎ আইন, ২০১৮-এর
৩৮ ধারায় গ্যারেজ মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অতিরিক্ত
প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এরপর বাতানপাড়া এলাকায় রাজার
মালিকানাধীন একটি গ্যারেজে বিদ্যুৎ ব্যবহারে অনিয়ম পাওয়ায় আরও ১ লাখ টাকা জরিমানা
করা হয়। একই এলাকার মজিবরের মালিকানাধীন আরেকটি গ্যারেজে বিদ্যুৎ চুরির প্রমাণ
পাওয়ার পর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে গোদনাইল চৌধুরীবাড়ি
এলাকায় সাকিলের মালিকানাধীন ইজিবাইক গ্যারেজে নির্ধারিত ব্যবস্থার বাইরে অতিরিক্ত
বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৮ ধারায় ১ লাখ ৫০ হাজার
টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী
ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ বলেন, বিদ্যুতের অপচয়, অপব্যবহার ও অবৈধ ব্যবহার বন্ধে ইজিবাইক গ্যারেজসহ বিভিন্ন স্থানে
অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম শনাক্ত হলে আইন
অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, বুধবারের অভিযানে চারটি
প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন ধারায় মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন