ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত
রোগের ঝুঁকি কমাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাগডুমারী খালসহ বিভিন্ন এলাকায়
পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নিয়মিত
কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সদর
উপজেলা প্রশাসনের সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত
হয়। এতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন অংশ নেন।
কর্মসূচির আওতায় বাগডুমারী
খাল, সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর এবং উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে
একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। পরে লিংক রোডের শহীদ রিযা গোপ ক্রিকেট
স্টেডিয়াম এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে বৃক্ষরোপণ করা হয়।
জেলা প্রশাসক মো. রায়হান
কবির বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম
চালানো হচ্ছে। যেসব স্থানে পানি জমে মশার প্রজননস্থল তৈরির সম্ভাবনা রয়েছে,
সেসব জায়গা চিহ্নিত করে দ্রুত পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু
প্রতিরোধ সম্ভব নয়। স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী
সংগঠন এবং সাধারণ মানুষকে এ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে। সবাই মিলে ধারাবাহিকভাবে
কাজ করলে নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও সবুজ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন