নারায়ণগঞ্জের বন্দরে মাদক, চুরি,
ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান
চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) থেকে
সোমবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা
হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ
সুপার ‘খ’ সার্কেলের দীপংকর ঘোষের নেতৃত্বে এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মো. জামাল উদ্দিনের অংশগ্রহণে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে
বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও
অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনের মামলার আসামি, চুরি মামলার আসামি এবং দণ্ডবিধির
একাধিক মামলার আসামিরাও রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে
রয়েছেন—দড়ি সোনাকান্দার মো. আল আমিন (৩০), সোনারগাঁয়ের কুতুবপুর এলাকার মো.
শরীফ (৩০) ও মো. হান্নান (৩২), একরামপুরের নয়ন (২৮),
দড়ি সোনাকান্দার মুজাহিদ (২৪), নবীগঞ্জ
উত্তরপাড়ার সজিব (৩০), মদনগঞ্জের নূরে তাফসীর (২৩),
মাহমুদনগরের মো. হামীম (১৯) ও মো. সোহাত (১৯)।
এ ছাড়া পরোয়ানামূলে তাজপুর
এলাকার মো. হৃদয় এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় নোয়াদ্দা এলাকার দীপক (২৮) ও
কদমতলী কাইতাখালী এলাকার মো. শাওন শেখ (২৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ২১
সেপ্টেম্বর রাতে বন্দর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আরও
চারজনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ সূত্রে
জানা গেছে, গ্রেপ্তার ১৬ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে
তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ
বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বন্দর থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন