শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি এবং প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ‘View Exchange with HR Professionals’ শীর্ষক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেএমইএ’র ঢাকা কার্যালয়ে SICIP-BKMEA প্রোগ্রামের
উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন এ আয়োজনে
দেশের বিভিন্ন স্বনামধন্য তৈরি পোশাক কারখানার প্রায় ২৫ জন এইচআর (হিউম্যান রিসোর্স)
পেশাজীবী এবং বিভিন্ন অডিট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, SICIP-BKMEA প্রোগ্রামের
চিফ কো-অর্ডিনেটর রূপালী বিশ্বাসসহ প্রোগ্রামের অন্যান্য কর্মকর্তা।
মতবিনিময় সভায় বিকেএমইএ’র ইনস্টিটিউটের বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স,
SICIP-BKMEA প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও সক্ষমতা এবং দেশের তৈরি পোশাক
শিল্পে বিদ্যমান কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় অংশ নেওয়া এইচআর পেশাজীবীরা শিল্পপ্রতিষ্ঠানগুলোতে নিয়োগের
ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, কর্মক্ষেত্রের বাস্তব চাহিদা এবং প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের
সম্ভাবনা নিয়ে মতামত দেন। একই সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমকে শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ
প্রয়োজনের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলেন, শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা এবং প্রশিক্ষণ কার্যক্রমের
মধ্যে সমন্বয় তৈরি করা গেলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য
কর্মসংস্থানের সুযোগও বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে এইচআর পেশাজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময়
প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বাস্তবমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালাটি শিল্প ও শিক্ষার মধ্যে সংযোগ আরও শক্তিশালী করা, শ্রমবাজারের
চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন এবং SICIP-BKMEA’র প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ
সম্প্রসারণে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ
করেন।
দেশের তৈরি পোশাক শিল্পে দক্ষ মানবসম্পদের চাহিদা পূরণে প্রশিক্ষণ
কার্যক্রমকে শিল্পের বাস্তব প্রয়োজনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করার ধারাবাহিক
উদ্যোগের অংশ হিসেবেই এ ধরনের মতবিনিময় কর্মশালার আয়োজন করা হচ্ছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন