রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকায়
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির ক-জোনের একটি
দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর আত্রাই এলাকার রকি সরকার ওরফে
নাঈম (২৫), কিশোরগঞ্জের মিঠামইন এলাকার আজমান ওরফে লেম্বর (২৫) এবং কিশোরগঞ্জের
করিমগঞ্জের রায়হান (২৩)। তারা বর্তমানে ফতুল্লার শান্তিধারা এলাকায় বসবাস করতেন
বলে জানিয়েছে পুলিশ।
ডিবি জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ছয়টি রামদা,
তিনটি তলোয়ার, দুটি ছুরি, একটি সুইচ গিয়ার, সাইকেলের স্পোক দিয়ে তৈরি
দুটি কুড়াল এবং দুটি এসএস পাইপ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজনের কাছ
থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তার সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া
গেছে। গত ১৮ আগস্ট সাইনবোর্ড এলাকায় প্রতিপক্ষ ‘মানিক গ্রুপের’ সঙ্গে অস্ত্র নিয়ে
সংঘর্ষে জড়িত থাকার কথাও তারা স্বীকার করেছে বলে দাবি ডিবির।
ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ‘মিলন-সাজিদ’ ও ‘শান্ত’
নামে কয়েকজনের নেতৃত্বে এলাকায় বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতির প্রস্তুতি
নিচ্ছিলেন।
এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বাদী হয়ে গ্রেপ্তার ও
পলাতক আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। ২৪ আগস্ট দায়ের করা
মামলাটিতে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ
জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফতুল্লা ও
আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে
গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন