নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের চাপায় হাফেজ মাওলানা মুফতি আল জাহিদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত
মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়াকামতা গ্রামের মো. শাহ-আলম মিয়ার
একমাত্র ছেলে। তিনি বুধবার রাতে সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার একটি মাদ্রাসায়
আয়োজিত ইসলামিক জলসায় অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন।
পুলিশ
ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার কাবিলগঞ্জ এলাকার একটি
মাদ্রাসায় আয়োজিত ইসলামিক জলসায় অতিথি হিসেবে যোগ দেন মুফতি আল জাহিদ। অনুষ্ঠান
শেষ হতে গভীর রাত হওয়ায় তিনি সেখানেই রাতযাপন করেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টার
দিকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি কুমিল্লার উদ্দেশে রওনা হন তিনি।
পথে
সকাল সাড়ে ১১টার দিকে পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে পেছন থেকে
একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে
মহাসড়কে পড়ে যান তিনি। পরে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার
খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
মরদেহ উদ্ধার করে। পরে নিহতের শ্বশুর ঘটনাস্থলে এসে মরদেহ দেখে মুফতি আল জাহিদের
পরিচয় নিশ্চিত করেন। এ সময় স্বজনদের আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের
সৃষ্টি হয়।
নিহতের
শ্বশুর বলেন, ‘আমার মেয়ের জামাই গতকাল প্রোগ্রামে এসেছিল। সকালে মাদ্রাসা
কর্তৃপক্ষ ফোন দিয়ে এই মর্মান্তিক খবর জানায়। আমার চার বছরের একটি নাতনি আছে। আমার
মেয়েটিও বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবুঝ শিশু আর অন্তঃসত্ত্বা মেয়েকে
নিয়ে আমি এখন কোথায় দাঁড়াব? আমি এই দুর্ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এদিকে
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও পুলিশ অভিযান চালিয়ে মেঘনা টোল
প্লাজা এলাকা থেকে ট্রাক ও চালককে আটক করে।
কাঁচপুর
হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর
১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে
মেঘনা টোল প্লাজা এলাকা থেকে দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়।
তিনি আরও জানান,
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়
আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন