শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের আচার-আচরণ, বন্ধুত্ব, অনলাইন কার্যক্রম ও দৈনন্দিন জীবনযাপনের ওপর অভিভাবকদের সচেতন নজরদারির আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সোমবার
নারায়ণগঞ্জের মার্চেন্ট ওয়ার্কার্স (এমডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির
শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
বিদ্যালয়ের
প্রধান শিক্ষক রওশন আরা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক
(শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট রাকিবুর
রহমান সাগরসহ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত
ছিলেন।
সভায়
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার বিষয়টি
গুরুত্ব পায়। বিশেষ করে কৈশোর বয়সে সন্তানদের আচরণ ও মানসিক পরিবর্তন বুঝতে
অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ সময় মাদক ও
অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবারের পক্ষ থেকে
নিয়মিত খোঁজখবর রাখার ওপর জোর দেওয়া হয়। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ব্যবহার করছে—এসব বিষয়ে অভিভাবকদের
সচেতন থাকার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক
মো. রায়হান কবির বলেন, একজন শিক্ষার্থীর সাফল্য কেবল পরীক্ষার ফলাফলের মাধ্যমে বিচার করা উচিত
নয়। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, সৃজনশীলতা ও বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনও জরুরি।
তিনি আরও
বলেন, শিক্ষার্থীদের
সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা
প্রয়োজন। পারিবারিক পরিবেশ ও বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা—দুই জায়গা থেকেই
শিশু-কিশোরদের সঠিক দিকনির্দেশনা দিতে হবে।
মতবিনিময়
সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা
এবং শিক্ষক-অভিভাবকের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন