নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তারের একদিন পরই আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারদী এলাকা থেকে জেলা গোয়েন্দা
(ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। সোমবার
তাকে আদালতে পাঠানো হলে আদালত জামিন মঞ্জুর করেন।
নুর মোহাম্মদ সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার
মৃত অদুদ ব্যাপারীর ছেলে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি বারদী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতির
দায়িত্ব পালন করেছেন।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, একটি ডাকাতির মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর
করে। পরে নিয়ম অনুযায়ী তাকে আদালতে পাঠানো হয়।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, নুর মোহাম্মদের বিরুদ্ধে চুরি,
ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে সোনারগাঁ থানাসহ একাধিক থানায় ১২টি মামলা রয়েছে।
তবে এসব মামলার বিষয়ে সংশ্লিষ্ট নথি বা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে
পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা আরও অভিযোগ করেন, নুর মোহাম্মদ এলাকায় বিভিন্ন
অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি
জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে কৃষকদলের রাজনীতিতে সক্রিয় হন।
তবে এসব অভিযোগের বিষয়ে নুর মোহাম্মদ বা তার পরিবারের বক্তব্য পাওয়া
যায়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক
এর আগে জানিয়েছিলেন, ডাকাতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় জেলা গোয়েন্দা পুলিশ
নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।আদালতে
পাঠানোর পর পরদিনই জামিনে মুক্তি পান নুর মোহাম্মদ।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন