‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ
তথ্যভান্ডার গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া
ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায়
সঠিক তথ্য সংগ্রহ, যাচাই ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া
হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ
কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার
বিভাগের উপ-পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা
নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। সভায় সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামান মিয়া।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য নির্ভুলভাবে সংরক্ষণ ও
নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করা হয়। নিবন্ধনের সময় তথ্য যাচাই করে সঠিকভাবে
অন্তর্ভুক্ত করা এবং ভুল বা অসঙ্গতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার বিষয়ে আলোচনা
হয়।
বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু সনদ গ্রহণের বিষয় নয়;
এটি একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক তথ্যের সরকারি রেকর্ড।
নিবন্ধনে সঠিক তথ্য নিশ্চিত করা গেলে ভবিষ্যতে নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা
গ্রহণ সহজ হবে এবং জাতীয় তথ্যভান্ডার আরও নির্ভরযোগ্য হবে।
সভায় সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে নিবন্ধন কার্যক্রম পরিচালনার
আহ্বান জানানো হয়। একই সঙ্গে অভিভাবকদের সন্তানের জন্মসংক্রান্ত সঠিক তথ্য প্রদান
এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন
বিনামূল্যে করা যায়। তাই নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন
করার জন্য অভিভাবক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায়
ইউনিয়ন পরিষদের সদস্য,
স্বাস্থ্যকর্মী, গ্রাম পুলিশসহ
সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন