নারায়ণগঞ্জের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের
নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা
এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে দুজন মাদক ব্যবসায়ী,
২২ জন মাদকসেবী, বিভিন্ন অপরাধ ও ওয়ারেন্টভুক্ত মামলার ১২ জন এবং অস্থিতিশীল পরিস্থিতি
সৃষ্টিকারী কার্যক্রমের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্য রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে ৩ দশমিক ৩ গ্রাম হেরোইনসহ
এক মাদক ব্যবসায়ী, এক মাদকসেবী ও তিন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ
থানায় মোট পাঁচজন গ্রেপ্তার হন।
ফতুল্লা মডেল থানার অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমের
অভিযোগে নিষিদ্ধ সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানায় দুই মাদকসেবী, দুই ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের
এক সদস্যসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানায় দুই মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের তিন সদস্য এবং এক ওয়ারেন্টভুক্ত
আসামিসহ মোট ছয়জন গ্রেপ্তার হয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানায় ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী, এক মাদকসেবী
ও ছয় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এ থানায় মোট নয়জন গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অস্থিতিশীল পরিস্থিতি
সৃষ্টিকারী কার্যক্রমের অভিযোগে নিষিদ্ধ সংগঠনের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি
অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দ্যা প্রেস নিজ/এসআর
মন্তব্য করুন