নারায়ণগঞ্জের বন্দরে ইজিবাইক গ্যারেজে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা
ডাকাত সর্দার মো. হৃদয়কে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব-১১। তার বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ
ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
রোববার (২৩ আগস্ট) রাত ২টা ৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা
থানাধীন ভূঁইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ সদর
কোম্পানি, নারায়ণগঞ্জ ও র্যাব-৩ ঢাকার যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গত ১ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে বন্দরের
আন্দিরপাড় এলাকায় সাহেরা গার্ডেন সংলগ্ন মরিয়ম অটো-সিএনজি গ্যারেজে ডাকাতির ঘটনা
ঘটে। ওই সময় হৃদয়সহ ৮-৯ জনের একটি ডাকাত দল গ্যারেজের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ
করে।
পরে তারা গ্যারেজের ম্যানেজার ফয়সালসহ অটো-রিকশার মালিক সাইদুল, রুবেল ও
আব্দুল হককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা তাদের হাত-পা ও মুখ রশি ও
কাপড় দিয়ে বেঁধে ফেলে।
এ সময় গ্যারেজে থাকা অটো-রিকশা, মিশুক ও ইজিবাইকের প্রায়
১০৬টি ব্যাটারি এবং নগদ ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের
আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গ্যারেজের মালিক নিলুফা আক্তার বাদী হয়ে বন্দর থানায়
মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে ঢাকা,
নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় মোট ৯টি ডাকাতি
মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর
থানায় হস্তান্তর করা হয়েছে।
দ্যা প্রেস নিউজ/ এফজে
মন্তব্য করুন