‘লক্ষ্য অটুট থাকলে সাফল্য আসবেই’—এই প্রত্যয়কে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পরিবেশবান্ধব বৃক্ষের চারা।
সোমবার (১৪
সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বন্দর উপজেলা
নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ পাওয়া
শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল শিক্ষাজীবনের
একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই চূড়ান্ত অর্জন নয়। সামনে উচ্চশিক্ষার আরও বড়
সুযোগ রয়েছে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল
নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
বক্তারা
শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের
ওপর গুরুত্বারোপ করেন। জীবনের পথে নানা বাধা ও প্রতিকূলতা আসতে পারে উল্লেখ করে
তারা বলেন, এসব প্রতিবন্ধকতায় হতাশ না হয়ে নির্ধারিত
লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের
রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমাহমুদ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা
ফয়সাল আহম্মেদ।
অনুষ্ঠানের
একপর্যায়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা
প্রদান করা হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করতে তাদের হাতে তুলে দেওয়া হয়
বিভিন্ন ধরনের বৃক্ষের চারা।
এ সময়
শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য
ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দ্যা প্রেস নিউজ/এফজে
মন্তব্য করুন